ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামে একটি সহায়তা কেন্দ্রে রুশ বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্র ১০ ও ১১ নভেম্বর নতুন শান্তি আলোচনার পরিকল্পনা ঘোষণা করেছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার জানান, গ্রামটি ফ্রন্ট লাইনের খুব কাছাকাছি হওয়ায় স্কুলটি শিক্ষার্থীদের জন্য বন্ধ ছিল। ওই স্কুল ভবনটিই আশ্রয়কেন্দ্র ও সাপ্তাহিক সহায়তা বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল, যেখানে গ্রামে অবস্থানরত বাসিন্দারা প্রতি সোমবার খাদ্য ও সহায়তা সামগ্রী সংগ্রহ করতেন।
জেলেনস্কি তার রাতের ভাষণে বলেন, "রুশরা প্রথমে হামলা চালায় ঠিক যখন মানুষ আসছিল - কয়েকটি আকাশবাহী বোমা। তারপর দ্বিতীয় হামলা - আরও আকাশবাহী বোমা, এবার আশ্রয়কেন্দ্রে। এটি একটি জঘন্য সন্ত্রাসী হামলা।" তিনি বলেন, কোমিশুভাখায় অবস্থানরত বাসিন্দারা প্রতি সপ্তাহে মানবিক সহায়তা নিতে জড়ো হন - এ বিষয়ে রুশদের অজানা থাকার কথা নয়।
ইউক্রেনের জরুরি পরিষেবা জানায়, নিহতদের মধ্যে দুইজন উদ্ধারকর্মী ও চারজন পুলিশ সদস্য রয়েছেন। পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন উদ্ধারকর্মী হাসপাতালে চিকিৎসাধীন। জাপোরিঝঝিয়া সিটি কাউন্সিলের সচিব রেজিনা খারচেঙ্কো জানান, ২৭ জন নিখোঁজ রয়েছেন। আঞ্চলিক পুলিশ জানায়, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বাসিন্দদের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন কর্মকর্তা ও উদ্ধারকর্মীরা।
অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা যায়, এলাকাজুড়ে ধোঁয়া ওঠা ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রাশিয়ার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জেলেনস্কি বলেন, "এটি আরও প্রমাণ যে রাশিয়া কোনো ধরনের উত্তেজনা হ্রাস বা প্রকৃত ন্যায়বিচার চায় না।" তিনি অভিযোগ করেন, গত সপ্তাহে রুশ-অধিকৃত দক্ষিণাঞ্চলীয় শহর ওলেশকিতে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় একটি মানবিক মিশনের সুযোগ রাশিয়া নষ্ট করেছে। তিনি বলেন, "যদি রাশিয়া সত্যিই উত্তেজনা হ্রাস চাইত, তবে ওলেশকির পরিস্থিতির পর মানবিক পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল। আমরা এ প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু রাশিয়া মানুষ হত্যা চালিয়ে যাচ্ছে।"
জেলেনস্কি আরও জানান, ইউক্রেনীয় গোয়েন্দারা সতর্কবার্তা দিয়েছে যে রাশিয়া দেশটির জ্বালানি ও লজিস্টিক নেটওয়ার্কে নতুন "ব্যাপক হামলা"র প্রস্তুতি নিচ্ছে, যা মঙ্গলবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যপ্রচ্য নির্বাচনের সঙ্গে মিল রেখে সময় নির্ধারণ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লেখা এক পোস্টে তিনি বলেন, মস্কো বিশ্বের মনোযোগ অন্য দিকে সরিয়ে রাখার আশা করছে, যাতে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সংকট নজর এড়িয়ে যায়। তিনি ওয়াশিংটনকে রাশিয়ার ওপর এমন চাপ দেওয়ার আহ্বান জানান, যাতে যুদ্ধ শেষ করা ছাড়া তার কোনো বিকল্প না থাকে।
হামলার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদল ১০ ও ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বৈঠকে বসবে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে উইটকফ বলেন, আলোচনায় "যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা চুক্তি, উত্তেজনা হ্রাস, মানবিক পদক্ষেপ এবং যুদ্ধ শেষ করা" বিষয়ে আলোচনা হবে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২১ অক্টোবর সেন্ট পিটার্সবার্গে উইটকফের সঙ্গে বৈঠকের পর নতুন এই তিনপক্ষীয় আলোচনায় সম্মতি দেন। পঞ্চম বর্ষে চলা এই যুদ্ধে শীতকালের আগে যুক্তরাষ্ট্রের আলোচনাকারীরা একটি অগ্রগতি খুঁজছেন। সর্বশেষ যুক্তরাষ্ট্র-মধ্যস্থতায় আলোচনা হয়েছিল ফেব্রুয়ারিতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে যুদ্ধ শুরুর আগে।
সোমবারের হামলার কথা উল্লেখ করে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা দেশগুলোর প্রতি রাশিয়াকে অভিজাত আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ফেরার বিরোধিতা করার আহ্বান জানান। ক্রীড়া সালিশি আদালত রাশিয়াকে প্রধান আইস হকি টুর্নামেন্টে পুনর্বহালের নির্দেশ দেওয়ার পর তিনি এই আহ্বান জানান। এক্স-এ তিনি লেখেন, "রাশিয়া ধিক্কার, বিচ্ছিন্নতা এবং পরিণতির যোগ্য, আন্তর্জাতিক সম্মাননায় ফেরার যোগ্য নয়।"
সোমবার ইউক্রেনের অন্যত্র, পূর্ব খারকিভ অঞ্চলে ড্রোন হামলায় ১২ জন আহত হয়েছেন বলে জরুরি পরিষেবা জানিয়েছে। হামলায় একটি হিমাগার, গ্রিনহাউস এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষ্ণ সাগরীয় বন্দর ওডেসায় একটি গুদামে হামলায় পাঁচজন আহত হয়েছেন এবং আশপাশের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ২১২টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। রাশিয়ার সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেডোরিশ্চেভ জানান, সেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি হামলা প্রতিহত করেছে, তবে বিস্তারিত কিছু জানাননি।