জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে 'জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি' আত্মপ্রকাশ করেছে। সংগঠনের প্রথম কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারকে।
সংগঠনটির সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জোবাইরুল হাসান আরিফ। তাঁদের সঙ্গে মুখ্য সংগঠকের (তৃতীয় শীর্ষ পদ) দায়িত্ব দেওয়া হয়েছে ২০২২ সালে রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা মহিউদ্দিন রনিকে।
জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি, জাতীয় নারীশক্তি, জাতীয় শ্রমিক শক্তি, জাতীয় কৃষক শক্তি ও জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তির পর এনসিপির সহযোগী সংগঠন হিসেবে এবার যুক্ত হলো 'জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি'। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে দলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জুলাই গণ-অভ্যুত্থানের সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। সম্মুখসারির সমন্বয়কেরা যখন পুলিশের অভিযানে আত্মগোপনে কিংবা আটক ছিলেন, তখন তিনিসহ তিনজন সমন্বয়ক ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে আলোচনায় আসেন।
অভ্যুত্থানের পর এনসিপিতে যোগ দিয়ে তিনি দলটির যুগ্ম সদস্যসচিব হন। পরবর্তী সময়ে ডাকসু নির্বাচনে সমন্বয়কদের একাংশের উদ্যোগে গঠিত গণতান্ত্রিক ছাত্রসংসদের প্যানেলের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। অবশ্য গত সেপ্টেম্বরে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়।
সংগঠনের সদস্যসচিব জোবাইরুল হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থী ছিলেন। জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য আসনটি এনসিপিকে ছাড়লেও স্থানীয় জামায়াত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ওই নির্বাচনে জোবাইরুল হাসানের জামানত বাজেয়াপ্ত হয়।
এদিকে মুখ্য সংগঠকের দায়িত্ব পাওয়া মহিউদ্দিন রনি ২০২২ সালে রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করে ব্যাপক পরিচিতি পান। ওই বছরের ৭ জুলাই কমলাপুর রেলস্টেশনে ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি। সে বছরের ঈদুল আজহার আগে শুরু হওয়া তাঁর এই টানা অবস্থান কর্মসূচি দেশজুড়ে আলোচনা তৈরি করে।
পরবর্তী সময়ে ২৫ জুলাই রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চার ঘণ্টার বৈঠকের পর দাবি পূরণের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করেছিলেন তিনি। গত এপ্রিলে মহিউদ্দিন রনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।