আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি যুজবেন্দ্র চাহাল বিবাহবিচ্ছেদের পর মদ্যপানে আসক্ত হয়ে পড়েছিলেন এবং প্যানিক অ্যাটাকে ভুগছিলেন। পরিস্থিতি সামলাতে তাকে ২৬ দিন পুনর্বাসন কেন্দ্রে কাটাতে হয়। সম্প্রতি সাবেক ওপেনার আকাশ চোপড়ার পডকাস্টে নিজের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেছেন তিনি।
চাহাল জানান, গত বছর কাউন্টি ক্রিকেট খেলার পর বিষয়টি সীমা ছাড়িয়ে যায়। তখন তিনি একটি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হন এবং সেখানে ২৬ দিন থাকেন। এই সিদ্ধান্ত তার জীবনে বড় পরিবর্তন এনেছে বলে তিনি উল্লেখ করেন।
পডকাস্টে চাহাল বলেন, "এখন আমি জানি কীভাবে পরিস্থিতি সামলে নিতে হয়। ওই সিদ্ধান্ত আমার ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন এনেছে। আমার পরিপক্বতা বেড়েছে, আবেগ এখন ভারসাম্যপূর্ণ। গত আইপিএলে আমার শরীরকে আবার ৩০ বছর বয়সের মতো মনে হচ্ছিল। নিয়মিত জিম, ফিল্ডিং অনুশীলন ও প্রশিক্ষণ করতে পেরেছি।"
মদ্যপানের অভ্যাস কীভাবে বাড়ল, সেই ব্যাখ্যায় তিনি বলেন, "শুরুতে আমি তরুণ ছিলাম। পার্টি হতো। ২০১১ সালে প্রথম আইপিএল খেলি। একবার এবি ডি ভিলিয়ার্স আমাকে বলেছিল, ‘জীবনে ভারসাম্যই মূল বিষয়।’ কথাটা শুনতে সহজ, কিন্তু বাস্তবে তা নয়।"
তিনি আরও বলেন, "বিবাহবিচ্ছেদের পর বিষয়টা অতিরিক্ত পর্যায়ে চলে যায়। আমার মানসিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। বুঝতে পারি, এভাবে চলতে থাকলে যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভালোবাসি (ক্রিকেট) সেটাই নষ্ট করে ফেলব। তাই থামার সিদ্ধান্ত নিই। এখন আমি অনেক বেশি সুখী এবং ভালো অবস্থায় আছি।"
আইপিএলে ১৮৮ ম্যাচে ২৩৩ উইকেট নিয়ে সবার ওপরে আছেন চাহাল। ভারতের হয়ে ৭২টি ওয়ানডেতে ১২১ এবং ৮০টি টি-টোয়েন্টিতে ৯৬ উইকেট নিয়েছেন তিনি। তবে এখন পর্যন্ত টেস্ট খেলার সুযোগ পাননি ৩৬ বছর বয়সী এই লেগ স্পিনার।