দেশের চলচ্চিত্রের মানোন্নয়ন এবং সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। চলচ্চিত্রকে আরও উন্নত করতে প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নির্বাহী কমিটির সঙ্গে সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
সিনেমা হল বাঁচাতে সরকার এক হাজার কোটি টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, হোম থিয়েটার কিংবা মোবাইলের কারণে সিনেমা হল বিলুপ্ত হয়ে যাবে, এমন আশঙ্কার সঙ্গে তিনি একমত নন। কারণ হলে সিনেমা দেখার পরিবেশ ও আমেজ আলাদা।
প্রতিমন্ত্রী আরও জানান, বিদেশি চলচ্চিত্র আমদানির ক্ষেত্রে দেশের সংস্কৃতি ও অর্থনীতির বিষয় বিবেচনায় নিয়ে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হবে। এ ছাড়া নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে ভালো শিল্পী উঠে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় ই-টিকিটিং বাস্তবায়নে প্রদর্শক সমিতির সহযোগিতা প্রত্যাশা করেন ইয়াসের খান চৌধুরী।