Deleted
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

বেসরকারি ব্যাংকে পরিবারতন্ত্রের প্রভাব কমাতে অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ব্যাংক যে সংস্কার প্রস্তাব করেছিল, তা থেকে সরে আসছে বর্তমান সরকার। একই পরিবারের তিনজনকে ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, যা ছিল ব্যাংকমালিকদের দীর্ঘদিনের দাবি। ঋণখেলাপি পরিচালকদের ক্ষেত্রেও কঠোর অবস্থান থাকছে না।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, বর্তমানে একই পরিবার থেকে তিনজন সদস্য একই সময়ে কোনো ব্যাংকের পরিচালক থাকতে পারেন। অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ব্যাংক এই সংখ্যা কমিয়ে দুজন করার প্রস্তাব করেছিল। পাশাপাশি একজন পরিচালকের টানা মেয়াদ ছয় বছরে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছিল। বর্তমান আইনে একজন ব্যক্তি একই ব্যাংকের পরিচালক পদে একটানা ১২ বছর থাকতে পারেন। মেয়াদ পূর্ণ হলে তিন বছর বিরতি দিয়ে আবার পরিচালক হওয়া যায়।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে গত ২০ সেপ্টেম্বর ব্যাংক কোম্পানি (সংশোধন) আইনের খসড়ার ওপর পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এবং ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ৪ অক্টোবর প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হয়েছে। তবে এখনই চূড়ান্ত কিছু হয়ে যায়নি। বাংলাদেশ ব্যাংক এটি নিয়ে আরও পর্যালোচনা করে খসড়া পাঠাবে। তারপর তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় যাবে।

বৈঠকে প্রাথমিকভাবে একেকটি ব্যাংকে একই পরিবার থেকে প্রস্তাবিত দুজনের বদলে তিনজনকে পরিচালক রাখা ও টানা মেয়াদের ক্ষেত্রে ছয় বছরের বদলে নয় বছর করার পক্ষে অবস্থান নেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

সূত্র জানিয়েছে, বিএবি বৈঠকে অন্তর্বর্তী সরকার আমলের প্রস্তাবের বিরোধিতা করে বলেছে, এক পরিবার থেকে পরিচালকের সংখ্যা কমিয়ে দিলে ব্যাংকের মালিকানা কাঠামো ও পরিচালনা পর্ষদের স্বাভাবিক কার্যক্রমে সমস্যা তৈরি হতে পারে। তাই এমন সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্কতা দরকার।

বিএবি মনে করে, পরিচালনা পর্ষদে দরকার হচ্ছে ব্যাংকের প্রতি বেশি মনোযোগী ও অঙ্গীকারসম্পন্ন পরিচালক। মেয়াদ কমালে অভিজ্ঞতার ঘাটতি হবে ও ব্যাংক খাতে নেতিবাচক বার্তা যাবে। পরিচালকের মেয়াদ কমালেও তা ১২ বছরের পরিবর্তে ৯ বছর করা যেতে পারে।

বিএবির চেয়ারম্যান আবদুল হাই সরকার গতকাল বুধবার রাতে প্রথম আলোকে বলেন, ওই সময় যে খসড়া তৈরি হয়েছিল, তাতে অনেক অসংগতি ছিল। বিএবি মতামত ঠিকই দিয়েছিল। তবে তা পুরোপুরি উঠে আসেনি। তিনি বলেন, বর্তমান সরকারের কাছে তাঁরা মতামত তুলে ধরেছেন। যতটুকু তিনি জানতে পেরেছেন, নতুন খসড়ায় তাঁদের মতামত রাখা হচ্ছে।

ব্যাংক খাতে পরিবারের প্রভাব বাড়ানোর সুযোগ তৈরির বিষয়ে প্রশ্নের জবাবে আবদুল হাই সরকার বলেন, নতুন আইনের খসড়ায় সরকার ব্যাংক খাতের সার্বিক স্বার্থ রক্ষা করবে বলে তাঁরা আশাবাদী।

অবশ্য বিএবির যুক্তিকে ঠিক মনে করছেন না বিশ্লেষকেরা। কারণ, অতীতে একটানা দীর্ঘ সময় থাকতে দিয়েই ব্যাংকে পরিবারতন্ত্র কায়েম হয়েছে এবং দুর্দশায় পড়েছে ব্যাংক খাত। ২০১৮ সালের আগে পরিচালকদের একটানা মেয়াদ ছিল ছয় বছর, যা ২০১৮ সালে ৯ বছর ও ২০২৩ সালে আরও বাড়িয়ে ১২ বছর করা হয়।

ব্যাংক কোম্পানি আইনের সংশোধন ঘিরে ২০২৩ সালে জাতীয় সংসদে হইচই ও হট্টগোল হয়েছিল। ওই বছরের ৮ জুন ব্যাংক কোম্পানি (সংশোধন) বিল-২০২৩ জাতীয় সংসদে তুলেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সংশোধনীর মূল প্রস্তাবে পরিচালক পদের মেয়াদ বাড়ানো-কমানোর বিষয়ে কোনো প্রস্তাব ছিল না। সংসদে বিল পাসের আগে হঠাৎ করে সরকারি দলের সংসদ সদস্য আহসানুল ইসলাম এ বিষয়ে সংশোধনী প্রস্তাব আনেন। তিনি পরিচালক পদের মেয়াদ টানা ১২ বছর করার প্রস্তাব দেন এবং সেটাই পাস হয়।

তখন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যরাও এ সংশোধনের প্রতিবাদ করে সংসদ থেকে ওয়াকআউট করেন। জাতীয় পার্টির তৎকালীন সংসদ সদস্য মুজিবুল হক সংসদে বলেন, চেয়ারম্যান-পরিচালকের কারণে ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক শেষ। পরিচালকেরাই হচ্ছেন ব্যাংক লুটপাটের মূল হোতা।

মূলত সরকারঘনিষ্ঠ ব্যাংকমালিকদের ‘আবদারেই’ ২০২৩ সালে আওয়ামী লীগ সরকার পরিচালকদের একটানা ১২ বছর পদে থাকার সুযোগ করে দিয়েছিল। এর নেপথ্যে ছিলেন বিএবির সাবেক সভাপতি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তিনি এখন কারাগারে। সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিদেশে চলে গেছেন। আর সাবেক দুই গভর্নর ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার প্রকাশ্যে আসছেন না।

অভিযোগ আছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপ, বেক্সিমকো, প্রিমিয়ার গ্রুপ, সিকদার গ্রুপসহ বিভিন্ন শিল্পগোষ্ঠী বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিজেদের নিয়ন্ত্রণে রেখে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করেছে। এসব গ্রুপের পরিচালকেরা নিজেদের পাশাপাশি তাঁদের স্ত্রী/স্বামী, ছেলে-মেয়ে, জামাতা ও নিকটাত্মীয়দের ব্যাংকের পর্ষদে বসাতেন।

কয়েকটি পরিবারের নিয়ন্ত্রণে থাকা কিছু ব্যাংক এখন দুর্দশায় রয়েছে; যে কারণে এসব ব্যাংকের আমানতকারীরা অর্থ ফেরত পাচ্ছেন না। এ রকম পাঁচটি ব্যাংককে নিয়ে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি ব্যাংক গঠন করছে। সরকারের কোষাগার থেকে একীভূত এ ব্যাংককে ২০ হাজার কোটি টাকা মূলধন দেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের করের টাকা। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের আমলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক মিলে ব্যাংক আইনের একটি খসড়া করেছিল। অবশ্য সেই খসড়া অধ্যাদেশ আকারে জারি করে যেতে পারেনি অন্তর্বর্তী সরকার।

বিএনপি সরকার ব্যাংক কোম্পানি আইনের বিষয়ে কী অবস্থান নিচ্ছে, তা জানতে চাইলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ৪ অক্টোবর প্রথম আলোকে জানান, তিনি মনে করেন যে আমানতকারীদের স্বার্থ রক্ষায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি গোটা ব্যাংক খাতে সুশাসন বজায় রাখার বিষয়গুলো সংশোধিত আইনে থাকবে।

একই পরিবারের সদস্যরা যাতে ভিন্ন সম্পর্কের পরিচয় দিয়ে পর্ষদে থাকার সুযোগ নিতে না পারেন, সে জন্য ‘পরিবার’-এর সংজ্ঞা বিস্তৃত করার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তখন গভর্নর ছিলেন আহসান এইচ মনসুর।

বিদ্যমান আইনে পরিবারের সদস্য বলতে কোনো ব্যক্তির স্ত্রী/স্বামী, পিতা, মাতা, পুত্র, কন্যা, ভাই, বোন এবং ওই ব্যক্তির ওপর নির্ভরশীল ব্যক্তিকে বোঝানো হয়। অন্তর্বর্তী সরকারের আমলে ভাবি, ভগ্নিপতি, শ্বশুর-শাশুড়ি, শ্যালক-শ্যালিকা (স্ত্রীর ক্ষেত্রে দেবর-ননদ) এবং ওই ব্যক্তির ওপর নির্ভরশীল ব্যক্তিদেরও পরিবারের সংজ্ঞায় যোগ করার কথা বলা হয়েছিল।

বিএবি ‘পরিবার’-এর সংজ্ঞা শুধু স্বামী-স্ত্রী ও নির্ভরশীলদের মধ্যে সীমাবদ্ধ রাখার পক্ষে। সংগঠনটি উদাহরণ দিয়ে বলেছে, ভারতের আইনে পরিবার বলতে স্বামী-স্ত্রী বা হিন্দু অবিভক্ত পরিবারকে বোঝানো হয়। পাকিস্তানে তা স্বামী-স্ত্রী, নির্ভরশীল সরাসরি বংশধর ও নির্ভরশীল ভাই-বোন। শ্রীলঙ্কায় পরিবার বলতে শুধু স্বামী-স্ত্রী বা নির্ভরশীল সন্তানকে বোঝানো হয়।

১৯৯৬ সালে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বাধীন ব্যাংক সংস্কার কমিটির প্রতিবেদনে সুপারিশ করা হয়েছিল যে একই পরিবারের একাধিক সদস্য পরিচালনা পর্ষদের সদস্য হতে পারবেন না।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সুশাসনকে অগ্রাধিকার দিয়ে ব্যাংকের পর্ষদে পারিবারিক নিয়ন্ত্রণ কমানো, স্বতন্ত্র পরিচালক বৃদ্ধি, পরিচালকদের মেয়াদ কমানোসহ বেশ কিছু বিষয়ে আন্তর্জাতিক চর্চা অনুসরণ করে খসড়াটি করা হয়েছিল। সেই জায়গা থেকে সরকার সরে আসছে, যা হতাশাজনক। অর্থাৎ যেই লাউ সেই কদু। তিনি বলেন, ‘পরিচালকদের প্রবণতা হচ্ছে “আমার ব্যাংক”, “আমাদের পরিবারের ব্যাংক” ইত্যাদি। আইন করে এ ধরনের অশুভ মানসিকতা থেকে পরিচালকদের সরিয়ে আনা সরকারের দায়িত্ব বলে মনে করি।’

তিনি আরও বলেন, এখনো তো চূড়ান্ত খসড়া তৈরি হয়নি। কী করা হচ্ছে, তা মনে হয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও পুরোপুরি দেখেননি। মন্ত্রিসভার বৈঠকে বিষয়গুলো আসবে। আমি আশা করব, ব্যাংক খাতের স্বাস্থ্যের স্বার্থে সরকার বিষয়গুলো পুনর্বিবেচনা করবে।

বর্তমান নিয়মে কোনো পরিচালকের নিজের ঋণ বা তাঁর গ্যারান্টি দেওয়া ঋণ খেলাপি হলে তা নিয়মিত করার জন্য দুই মাস সময় পাওয়া যায়। ওই সময়ের মধ্যে ঋণ নিয়মিত করতে না পারলে তিনি পরিচালক পদ হারান। তাঁর শেয়ার বিক্রি করে ঋণ সমন্বয়েরও বিধান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারজিস আলমের নামে ব্যঙ্গাত্মক ফটোকার্ড সত্য বলে প্রচার বিজেপ

1

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

2

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

3

এলপিজি ব্যবসায়ীদের ৭ দফা দাবি, না মানলে ১৬-১৭ অক্টোবর সব দো

4

কৃষিতে আধুনিক প্রযুক্তি ও তরুণদের সম্পৃক্ততাই বদলে দেবে অর্থ

5

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

6

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

7

সাবেক তথ্যমন্ত্রীর এপিএস রেজাউল করিম গ্রেফতার

8

অস্ট্রেলিয়ায় প্রথম মিশেলিন স্টার পেল ১১টি রেস্তোরাঁ

9

ট্রাম্পের সংবাদ কাভারেজ বন্ধের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বি

10

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্

11

রাশিয়ায় জাপানি সাংবাদিক আটক, গুপ্তচরবৃত্তির অভিযোগ

12

৪৪ বছর পর সিঁড়ির ফাঁকে মিললো ১৯৮২ সালের চিঠি

13

শখ থেকে পেশা: শখের কাজেই ক্যারিয়ার গড়ার নতুন ধারা

14

ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা নিয়ে মরিনিওর ক্ষোভ, বললেন ‘নির্লজ্জ

15

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ব

16

এক জোড়া টিয়ার দাম ২ লাখ ৩০ হাজার টাকা, কারণ কী

17

মাস্কের ডোজের নথি চেয়ে মামলা, শুনবে মার্কিন সুপ্রিম কোর্ট

18

মার্কিন কংগ্রেসনারী ইলহান ওমারের বাড়িতে অভিবাসন এজেন্টদের ত

19

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

20