আফগানিস্তানে তালেবান সরকার দেশজুড়ে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ করে দিয়েছে। তালেবান সরকারের একজন মুখপাত্র 'বারবার লঙ্ঘনের' কারণে বিবিসি সম্প্রচার বন্ধের কথা জানিয়েছেন, তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।
২০২২ সালে দুটি মার্কিন সংবাদমাধ্যমের কার্যক্রম নিষিদ্ধ করার পর আফগানিস্তানে সম্প্রচারকারী একমাত্র আন্তর্জাতিক সংবাদ সংস্থা ছিল বিবিসি। বিবিসি এক বিবৃতিতে বলেছে, 'আফগানিস্তানজুড়ে লক্ষ লক্ষ মানুষ নির্ভুল সংবাদ ও তথ্যের জন্য বিবিসির উপর নির্ভর করে এবং আমরা পরিস্থিতি সমাধানের জন্য কর্তৃপক্ষের সাথে কাজ করছি।'
বিবিসি জানিয়েছে, তারা 'পশতু, দারি এবং ইংরেজিতে আফগানিস্তানের দর্শকদের জন্য স্বল্প তরঙ্গ ও মধ্যম তরঙ্গ রেডিও, অনলাইন এবং স্যাটেলাইটের মাধ্যমে নিরপেক্ষ ও স্বাধীনভাবে সংবাদ পরিবেশন অব্যাহত রেখেছে।'
প্রতি সপ্তাহে আফগানিস্তানের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ২০ শতাংশেরও বেশি মানুষের কাছে সংবাদ এবং অন্যান্য অনুষ্ঠান, যার মধ্যে রয়েছে মাধ্যমিক বিদ্যালয় থেকে নিষিদ্ধ মেয়েদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান, পৌঁছে যায় বিবিসি।
তালেবানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খুবাইব গুফরান স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, 'বিবিসি মিডিয়া আউটলেটের কিছু বারবার লঙ্ঘনের কারণে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপাতত সারা দেশে তাদের কার্যক্রম স্থগিত করা হবে।'
তালেবান সরকার দেশে পরিচালিত গণমাধ্যমের উপর কঠোর নিয়ন্ত্রণ রাখে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে সংগীত সম্প্রচার করা হয় না এবং আগের তুলনায় নারীরা পর্দায় কম দৃশ্যমান। নারীরা আর পুরুষদের সাথে একসাথে অনুষ্ঠান উপস্থাপন করেন না।
মানুষ এখনও কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারে, তবে দেশের বিশাল অংশে বিদ্যুতের অভাব, উচ্চ খরচ এবং কম সাক্ষরতার হার প্রধান বাধা হিসেবে রয়ে গেছে। বিবিসির আফগান সার্ভিস ১৯৮১ সাল থেকে পরিচালিত হয়ে আসছে।