Deleted
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাজিলে লুলার অবিশ্বাস্য জয়: কোন কৌশলে এলো সাফল্য?

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের রান-অফে ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে লুইজ ইনাসিও লুলা দা সিলভা প্রমাণ করেছেন, তিনি এখনো দেশের অন্যতম সেরা রাজনৈতিক প্রচারক। মঙ্গলবার ৮১ বছরে পা দিতে যাওয়া লুলা জনমত জরিপকারী এবং রাজনৈতিক মহলের সেই ধারণাকে ভুল প্রমাণ করেছেন, যারা আগেই তাঁর রাজনৈতিক ক্যারিয়ার শেষ বলে ঘোষণা দিয়েছিল।

প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে রোববারের এই জয় লুলার সবচেয়ে বড় রাজনৈতিক বিজয়। তবে চতুর্থ মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেও সামনে তাঁর সবচেয়ে কঠিন সময় অপেক্ষা করছে।

গণতান্ত্রিক বিশ্বে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে অসন্তুষ্ট ভোটারদের ক্ষোভ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদমের কারণে বর্তমান ক্ষমতাসীন নেতারা—বিশেষ করে মধ্য-বামপন্থী নেতারা—একের পর এক ক্ষমতাচ্যুত হচ্ছেন। এমন প্রতিকূল পরিবেশেও লুলা কেবল পুনর্নির্বাচিতই হননি, বরং ১৯৮৯ সালে পুনরায় নির্বাচন চালুর পর থেকে তিনিই প্রথম প্রার্থী, যিনি প্রথম রাউন্ডে পিছিয়ে পড়ার পরেও জয়লাভ করলেন।

তিন সপ্তাহ আগে বলসোনারোর চেয়ে ২২ লাখ ভোটে পিছিয়ে ছিলেন লুলা; আর রোববারে তিনি ৪৪ লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। লুলা ব্যক্তিত্বের প্রভাব এবং সরকারি যন্ত্রের ব্যাপক ব্যবহারের মাধ্যমে এই অভাবনীয় সাফল্য অর্জন করেছেন।

প্রথম রাউন্ডের ভোটের আগে নিষ্প্রভ প্রচারণার পর লুলা তাঁর ৪৫ বছর বয়সী প্রতিদ্বন্দ্বীর অনভিজ্ঞতা এবং রিও ডি জেনিরোতে বলসোনারোর নিজ শহরের অপরাধী চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে তাঁর ব্যক্তিগত সংযোগের বিষয়টি মানুষের সামনে তুলে ধরতে সক্ষম হন।

শুক্রবার টিভি গ্লোবোর এক বিতর্কে বলসোনারো একটি বড় ধরনের ভুল করে বসেন; তিনি লুলাকে ‘৯ আঙুলওয়ালা’ বলে সম্বোধন করেন, যা লুলার ১৭ বছর বয়সে কারখানার দুর্ঘটনায় একটি আঙুল হারানোর ঘটনাকে ইঙ্গিত করে। সপ্তাহান্তে ভাইরাল হওয়া সেই মুহূর্তে লুলা বলেন যে বলসোনারো ‘জীবনে কখনো কাজ করেননি’ এবং এর জন্য অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানান।

লুলা প্রেসিডেন্ট হিসেবে নিজের ক্ষমতা ব্যবহার করে ভোটারদের জন্য নানা ধরনের প্রণোদনা বা উপহার ঘোষণা করেন—সপ্তাহের ছুটির দিনে বিনা মূল্যে গণপরিবহন থেকে শুরু করে তাঁর স্বাক্ষরসংবলিত সামাজিক কর্মসূচিতে ১৫ শতাংশ বৃদ্ধি পর্যন্ত। অর্থনীতিবিদদের প্রাক্কলন অনুযায়ী, আগামী বছর এর মোট খরচ অন্তত ৮ দশমিক ৮ বিলিয়ন ডলার বা তার চেয়েও বেশি হতে পারে।

তবে এই অভাবনীয় জয়ের আনন্দ ফিকে হয়ে আসার সঙ্গে সঙ্গেই লুলার চতুর্থ মেয়াদের কঠিন বাস্তবতাগুলো দ্রুত সামনে চলে আসবে। প্রথম মেয়াদের একটি সংক্ষিপ্ত সময় ছাড়া—যে সময়ে দুর্নীতির কেলেঙ্কারিতে তাঁর সরকার পতনের উপক্রম হয়েছিল—জানুয়ারিতে পুনরায় শপথ নেওয়ার সময় লুলা রাজনৈতিকভাবে সবচেয়ে দুর্বল অবস্থানে থাকবেন।

তিন সপ্তাহ আগে অনুষ্ঠিত কংগ্রেসি নির্বাচনে ডানপন্থী দলগুলো সিনেট ও নিম্নকক্ষ—উভয় ক্ষেত্রেই নিজেদের আধিপত্য নিশ্চিত করেছে। নতুন সরকারকে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয়—এমন বহু বিষয় নিয়ে কঠিন দর–কষাকষির মুখোমুখি হতে হবে। এমন একটি দেশে লুলা হবেন একজন বামপন্থী প্রেসিডেন্ট, যেখানে রাজনীতির মূল স্রোত ডানপন্থার দিকে ঝুঁকেছে।

লুলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অর্থনীতি। এর স্পষ্ট লক্ষণ রয়েছে যে সরকারি ব্যয় ও ভোক্তা ঋণের ওপর অতিরিক্ত জোর দিয়ে প্রবৃদ্ধি বাড়ানোর লুলার ফর্মুলাটি তার সীমায় পৌঁছে গেছে।

আইএমএফের প্রাক্কলন অনুযায়ী, চলতি বছর ব্রাজিলের মোট ঋণ জিডিপির ৯৮ শতাংশে উন্নীত হবে, যা উদীয়মান বাজারগুলোর গড়ের চেয়ে অনেকটাই বেশি এবং বাজেট–ঘাটতি জিডিপির ৮ শতাংশে পৌঁছাবে। আর এটি হয়েছে নির্বাচনী প্রচারণার খরচের আগেই।

এ ধরনের শিথিল আর্থিক নীতির ফলস্বরূপ বাস্তব সুদের হার প্রায় ১০ শতাংশে দাঁড়িয়েছে, যা ব্যবসায়িক বিনিয়োগ এবং ভোক্তা ঋণে জর্জরিত পরিবারগুলোকে দমিয়ে রাখছে। লুলা যদি সরকারি ব্যয় উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ না নেন, তবে আর্থিক বাজারে তিনি মারাত্মক আস্থার সংকটের মুখোমুখি হতে পারেন।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারজুড়ে লুলা সব সময় বামপন্থী বিশ্ববীক্ষার সঙ্গে চরম মাত্রার বাস্তবতাবাদের মেলবন্ধন ঘটিয়েছেন, যা তাঁকে অর্থনৈতিক নীতিগুলোর চ্যালেঞ্জের সময়গুলো সফলভাবে পার করতে সাহায্য করেছে। ৮১ বছর বয়সে এবং এমন এক চমকপ্রদ কামব্যাকের মাধ্যমে নিজের অবস্থান সঠিক প্রমাণিত করার পর, তাঁর চতুর্থ মেয়াদটি নির্ভর করবে তাঁর সেই পুরোনো রাজনৈতিক প্রজ্ঞা এখনো অটুট আছে কি না, তার ওপর।

জেফ ডায়ার লাতিন আমেরিকান লেখক ও বিশ্লেষক। ফিন্যান্সিয়াল টাইমস থেকে সংক্ষেপে অনূদিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

1

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

2

সুপার এল নিনোর প্রভাবে ৮ মাসে সাড়ে ৪ লাখ মৃত্যুর পূর্বাভাস

3

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

4

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

5

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

6

কাশ্মীরে ওয়াকফ বোর্ডের সমন্বিত জুমার খুতবার প্রস্তাবের বিরু

7

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

8

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

9

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

10

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

11

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ব

12

বান্দরবানের গিটার স্কুল যেভাবে সবার মন জয় করছে

13

১৯৭৫-পরবর্তী সংকটে জিয়াউর রহমানের ভূমিকা ঐতিহাসিক অধ্যায়

14

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

15

মার্কিন কংগ্রেসনারী ইলহান ওমারের বাড়িতে অভিবাসন এজেন্টদের ত

16

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

17

নিরপেক্ষতার কঠোর প্রস্তাব প্রত্যাখ্যান করলো সুইজারল্যান্ড, ভ

18

ফ্লাইদুবাই হামলার সন্দেহভাজনের সাথে সম্পর্ক অস্বীকার মেলবোর্

19

পোপ লিও চতুর্দশের ফুসফুসে ক্যান্সার শনাক্ত, সফল অস্ত্রোপচার

20