ডেঙ্গুর প্রকোপ কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, সরকার ডেঙ্গু রোগীদের চিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং প্রধানমন্ত্রীর নানা উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধে সবার দায়বদ্ধতা বাড়িয়েছে।
শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরনে (এফডিসি) ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
ডিএসসিসি প্রশাসক বলেন, বিরোধী দল ডেঙ্গু প্রতিরোধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কর্মসূচি দেয়নি। তারা লংমার্চের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টি করছে। ডেঙ্গু টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ডেঙ্গু এখন বছরজুড়ে ভোগান্তির নাম। তিনি ডেঙ্গুবিরোধী অভিযানে আদায়কৃত অর্থ ডেঙ্গুতে মারা যাওয়া দুস্থ পরিবারকে দেওয়ার আহ্বান জানান। বিগত সরকারের সময় ডেঙ্গু প্রতিরোধে অনেক অনিয়ম হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
‘ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের চেয়ে নাগরিক সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দল কবি নজরুল সরকারি কলেজকে পরাজিত করে সরকারি দল কবি নজরুল সরকারি কলেজ বিজয়ী হয়। ছায়া সংসদটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।