রোমানিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, গত সেপ্টেম্বরে ব্রাসোভ শহরে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র কারখানার কাছে শিল্প এলাকায় যে আগুন লাগে, তা রাশিয়ার সমন্বিত নাশকতা অভিযানের অংশ ছিল। সোমবার এক বিবৃতিতে দেশটির ইন্টেলিজেন্স সার্ভিস এ তথ্য জানায়।
সংস্থাটি বলেছে, ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণের মধ্যে রাশিয়া এই নাশকতা চালিয়েছে। এসব অভিযানের লক্ষ্য ছিল অস্ত্র নির্মাতা এবং সামরিক ও শিল্প গুরুত্বের অন্যান্য স্থাপনা।
বিবৃতিতে আরও বলা হয়, এই কাজগুলোর উদ্দেশ্য ভয় দেখানো, প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা এবং ইউরোপীয় ও আঞ্চলিক নিরাপত্তায় লক্ষ্যবস্তু রাষ্ট্রগুলোর অবদান কমিয়ে আনা।
রোমানিয়ার সংগঠিত অপরাধ ও সন্ত্রাসবাদ তদন্ত অধিদপ্তর (ডিআইআইসিওটি) জানিয়েছে, ব্রাসোভের আগুনে তিনজন জড়িত ছিলেন। তাঁরা হলেন দুই বেলারুশীয় এবং একজন ইউক্রেনীয়, যাঁরা সবাই ইউরোপীয় ইউনিয়নের দেশে বসবাস করেন।
তদন্ত সংস্থার মতে, তাঁদের মধ্যে দুজনকে জার্মানিতে চিহ্নিত করে হেফাজতে নেওয়া হয়েছে। সেখানে তাঁরা একই ধরনের অপরাধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। তৃতীয় ব্যক্তি পোল্যান্ডে পলাতক রয়েছেন।
রোমানিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এই ধরনের নেটওয়ার্কে নিয়োগ সাধারণত সোশ্যাল মিডিয়ায় করা হয়। প্রথমে আপাত নিরীহ কাজের জন্য টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, যেমন নির্দিষ্ট লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ বা ছবি তোলা।
সময়ের সঙ্গে কাজের গুরুত্ব বাড়তে থাকে এবং ভাঙচুর, অগ্নিসংযোগ বা এমনকি খুনের মতো ঘটনাও জড়িয়ে পড়তে পারে বলে সংস্থাটি উল্লেখ করেছে।
রোমানিয়া ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য এবং ইউক্রেনের সঙ্গে তাদের ৬০০ কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। দেশটির মধ্যপন্থী প্রেসিডেন্ট নিকুসর দান বলেছেন, রাশিয়া ইউক্রেনকে সমর্থনকারী দেশগুলোর অস্থিতিশীলতা তৈরির জন্য হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে এবং রোমানিয়া তার লক্ষ্যবস্তু।
তিনি রোমানিয়ার আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশ, সাইবার হামলা, অপতথ্য প্রচারণা এবং নাশকতার কথা উল্লেখ করেন। পররাষ্ট্রমন্ত্রী দান নেকুলায়েস্কু বলেছেন, ব্রাসোভের আগুন সামরিক উৎপাদন লক্ষ্য করে ইউরোপজুড়ে চলমান নাশকতা অভিযানের অংশ।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপের বিভিন্ন প্রতিরক্ষা স্থাপনায় একাধিক ঘটনা ঘটেছে। সেপ্টেম্বরে বুলগেরিয়ার একটি গোলাবারুদ গুদামে বিস্ফোরণ ও আগুন লাগে, যা দেশটির অস্ত্র নির্মাতা ইএমসিও পরিচালিত এবং তাদের গোলাবারুদ ইউক্রেনে ব্যবহৃত হয়।
একই মাসে মিউনিখে একটি প্রতিরক্ষা কোম্পানির অফিসের কাছে অগ্নিসংযোগকারী বোমা নিক্ষেপ করা হয় এবং রোমানিয়ার কর্তৃপক্ষ সামরিক স্থাপনার ছবি ও ভিডিও ধারণের অভিযোগে এক রুশ নাগরিককে আটক করে। আগস্টে ইতালির রোমের কাছে কেএনডিএস-এর একটি গোলাবারুদ কারখানায় বিস্ফোরণ হয়।
গত তিন সপ্তাহে রোমানিয়া ও বুলগেরিয়ার উপকূলে অন্তত আটটি কার্গো জাহাজে হামলা হয়েছে এবং প্রায় ৩৪ জন নাবিকের মৃত্যু বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। প্রেসিডেন্ট দান রোমানিয়ার জলসীমায় জাহাজে হামলাকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের করুণ পরিণতির নতুন উদাহরণ বলে অভিহিত করেছেন।
এক বছর আগে পোল্যান্ড ও রোমানিয়াও ইউক্রেনে বিস্ফোরক পার্সেল পাঠানোর রুশ ষড়যন্ত্রে জড়িত সন্দেহে আটজনকে আটক করেছিল।