অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের নতুন মৌসুমে আবারও হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। গত আসরে প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়ে হারিকেন্সের সেরা বোলার হয়েছিলেন রিশাদ।
গত বছর হোবার্টের জার্সি গায়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন রিশাদ। ১২ ম্যাচে ২০.৮৬ গড় ও ৭.৮২ ইকোনমি রেটে ১৫ উইকেট নিয়েছিলেন তিনি। তার সেরা বোলিং ফিগার ছিল ২৬ রানে ৩ উইকেট। দারুণ বোলিংয়ের সুবাদে মৌসুম শেষে হারিকেন্সের বর্ষসেরা বিবিএল খেলোয়াড় নির্বাচিত হন রিশাদ।
পরবর্তী আসরে আবারও হোবার্টের হয়ে খেলতে রিশাদের আগ্রহ বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন হোবার্ট হারিকেন্সের হাই পারফরম্যান্স বিভাগের মহাব্যবস্থাপক সালিয়ান বিমস। তিনি বলেছেন, ‘রিশাদ আমাদের কাছে পরিষ্কার করে জানিয়েছিল, গত মৌসুমে হোবার্টে তার সময়টা দারুণ কেটেছে এবং সে আবার ফিরতে চায়। বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্ব বহন করেছে। অ্যাডাম জাম্পাকে যুক্ত করায় আমাদের দলের গঠন কিছুটা বদলে গিয়েছিল। কিন্তু রিশাদের মতো মানসম্পন্ন একজন খেলোয়াড় যখন হারিকেন্সে ফিরতে এতটা আগ্রহী, তখন তাকে ফিরিয়ে আনার সব সম্ভাবনাই আমরা খতিয়ে দেখতে চেয়েছি।’
রিশাদের পারফরম্যান্সের প্রশংসা করে বিমস বলেন, ‘গত মৌসুমে সে আমাদের জন্য অসাধারণ ছিল। প্রথমবার বিগ ব্যাশে খেলতে এসে প্রতিটি ম্যাচে অংশ নেওয়া এবং দলের সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে মৌসুম শেষ করা তার সামর্থ্য ও অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতা প্রমাণ করে।’
একই দলে দুই মানসম্পন্ন লেগ স্পিনার থাকায় কন্ডিশন ও প্রতিপক্ষের সঙ্গে মিলিয়ে বোলিং আক্রমণ সাজানোর সুযোগ বাড়বে বলেও মনে করেন বিমস। তিনি বলেন, ‘এখন আমাদের দলে উচ্চমানের দুজন লেগস্পিনার রয়েছে, যাদের শক্তির জায়গা আলাদা। ফলে কন্ডিশন ও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আমাদের সামনে বেশ আকর্ষণীয় কিছু বিকল্প থাকবে। গত গ্রীষ্মে আমরা দেখেছি, মাঝের ওভারগুলোতে রিশাদ কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। দুজনকে একই দলে পাওয়ায় আমাদের কৌশলগত নমনীয়তা অনেক বাড়বে এবং বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ হবে।’
আগামী ১২ ডিসেম্বর থেকে বিগ ব্যাশের ১৬তম আসর শুরু হবে। হোবার্ট হারিকেন্সের স্কোয়াডে রয়েছেন মার্কাস বিন, আইন কার্লাইল, নিখিল চৌধুরী, টিম ডেভিড, নাথান এলিস, রিশাদ হোসেন, নিক হবসন, শাই হোপ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, উইল প্রেস্টউইজ, বিলি স্ট্যানলেক, টিম ওয়ার্ড, জ্যাক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পা।