নিজ প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মীকে আইফোন উপহার দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয়েছেন এক ব্যবসায়ী। প্রতিষ্ঠান মালিক নিশাদ হুসেনের এই উদারতার ভিডিওটি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, টেবিলের ওপর সারি করে সাজানো রয়েছে উপহারের বাক্স। একে একে কর্মীরা এসে নিজেদের পছন্দমতো বাক্স তুলে নেন। বাক্স খুলে কারও হাতে ওঠে চকলেট, আবার কারও ভাগ্যে জোটে কাঙ্ক্ষিত আইফোন।
যারা প্রথমে কেবল চকলেট পেয়েছিলেন, তাদের কেউ কেউ কিছুটা হতাশ হন। তবে কিছুক্ষণ পর তাদের হাতেও তুলে দেওয়া হয় আসল উপহার—নতুন আইফোন। এমন চমকপ্রদ আয়োজনে আনন্দে মেতে ওঠেন প্রতিষ্ঠানের কর্মীরা।
কর্মীদের উদ্দেশে হাসিনা নিশাদ বলেন, দলের প্রতিটি সদস্যের পরিশ্রম ও পারস্পরিক সহযোগিতাই প্রতিষ্ঠানের মূল শক্তি। সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাও দেন তিনি।
ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওটি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রায় ২৫ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। মন্তব্যের ঘরে অনেকেই এই দম্পতির উদারতার প্রশংসা করেছেন। কেউ কেউ আবার মজার ছলে প্রশ্ন করেছেন, তাদের প্রতিষ্ঠানে নতুন কর্মী নিয়োগ হবে কি না।