ইউটিউবার রাশেদুজ্জামান রাকিব প্রথমবারের মতো চিত্রনাট্য লিখছেন। তার লেখা চিত্রনাট্যে নির্মিত হবে ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘মহব্বত’। সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।
‘আরএনএআর’ খ্যাত রাকিব সিনেমা সমালোচক হিসেবে নেটিজেনদের মাঝে জনপ্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিব ও নির্মাতা হিমেল আশরাফ এ বিষয়ে পোস্ট দিয়েছেন। হিমেল আশরাফ তার পোস্টে লেখেন, ‘সিনেমাকে এতদিন দেখেছেন গভীর বিশ্লেষণের চোখে, এবার সেই ভালোবাসাই রূপ নেবে গল্পের পাতায়। সিনেমা নিয়ে বিশ্লেষণের পর এবার সিনেমাকে সাজানোর পালা, রাশেদুজ্জামান রাকিব তার চিত্রনাট্য লেখার সূচনা করছেন “মহব্বত” দিয়ে।’
‘মহব্বত’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। এর আগে হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। নতুন সিনেমাটি প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া।
রাকিবের চিত্রনাট্যে সিনেমাটি কেমন হবে, তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। পাশাপাশি সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়েও কৌতূহল রয়েছে। তবে এখনো নায়িকার নাম ঘোষণা করেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা। শিগগিরই এ বিষয়ে জানানো হবে বলে সিনেমা-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।