আন্তর্জাতিক বিরতি শেষ হলেও পর্তুগাল কোচ জর্জ জেসুস ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে বিরোধ নিয়ে কৌতুহল শেষ হয়নি। ডেনমার্কে জাতীয় দলের ক্যাম্প ছাড়ার পর সিআরসেভেন জানান, শিগগিরই সত্যিটা সবার সামনে তুলে ধরবেন। অবশেষে আন্তর্জাতিক বিরতির মাঝপথে দল ছাড়া নিয়ে নিজের অবস্থান জানালেন তিনি। স্বাভাবিকভাবেই জেসুসের প্রতিক্রিয়া জানতে তৎপর ছিলেন সাংবাদিকরা। কিন্তু তাদেরকে হতাশ করেছেন কোচ।
এক বিবৃতিতে রোনালদো লিখেছেন, ‘কোচ আমার কাছে জানতে চেয়েছিলেন আমি নরওয়ের বিপক্ষে খেলতে চাই কি না। এটা আমার সুস্থতা ও অনুশীলন পরিকল্পনার বাইরে ছিল, আমি হ্যাঁ বলেছিলাম। তিনি আমাকে প্রস্তুত হতে বলেন, কারণ আমি ৩০ মিনিট খেলতে চেয়েছিলাম।’ হাফটাইম থেকে নিজেকে প্রস্তুত করতে থাকেন রোনালদো, কিন্তু তাকে নামাননি, ‘কোচ আমাকে দেওয়া কথা রাখেননি।’
ভক্ত-সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘ওটা আমার ভুল ছিল এবং এমনটা হওয়া উচিত ছিল না। আমি পর্তুগিজ জনগণের কাছে ক্ষমা চাইছি, যারা সেখানে আমাদের তীব্রভাবে সমর্থন করেছেন।’ তার ভাষ্যমতে, দুই দিন পর তিনি জেসুস ও আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর সিমাও কৌতিনহোর সঙ্গে কথা বলেন। রোনালদো বলেন, তারা এই বিষয়ে একমত হয়েছিলেন যে, জেসুস তার সংবাদ সম্মেলনে স্বীকার করবেন যে, রোনালদো ব্যক্তিগতভাবে কখনো খেলার সুযোগ চাননি এবং তাকে মাঠে না নামিয়ে শুধু ওয়ার্ম-আপ করতে দেওয়াটা একটি ভুল ছিল।
কিন্তু তেমন কিছুই হয়নি, রোনালদো বললেন, ‘আমি এমন অভিব্যক্তি ও আক্রমণাত্মক মনোভাব লক্ষ্য করেছি, যেটা আমার প্রাপ্য ছিল না বলে বিশ্বাস করি।’ পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বললেন, সংবাদ সম্মেলনে গিয়ে দ্বিতীয়বার কথা রাখেননি জেসুস, ‘তারপর দ্বিতীয়বার তিনি আমাকে দেওয়া তার কথা রাখেননি।’ রোনালদো তারপর ব্যাগ গুছিয়ে ট্রেনিং ক্যাম্প ছাড়েন।
ওই সিদ্ধান্তের জন্য নিজেকেই দুষলেন রোনালদো, ‘ট্রেনিং ক্যাম্প ছাড়ার জন্য আমাকে অবশ্যই আমার সতীর্থদের কাছে ক্ষমা চাইতে হবে। কোচ কথা রাখেননি, আস্থার জায়গা নষ্ট হলেও আমার সেটা করা উচিত হয়নি।’ এমনকি পর্তুগিজ ফুটবল ফেডারেশনের উচিত তাকে শাস্তি দেওয়া।
তবে এখনই অবসরের কোনো চিন্তা নেই রোনালদোর, ‘একটি বা আরও কিছু বিদায়ী ম্যাচ। আমি যদি শারীরিকভাবে ফিট থাকি, ক্লাবের হয়ে খেলি, গোলও করতে থাকি, তাহলে আমাকে দেওয়া নিষেধাজ্ঞা শেষে আমি আমাদের জাতীয় দলের জন্য লড়াই করার ও জেতার জন্য তৈরি থাকব। বিশ্বাস করুন, এটাই নিখাদ সত্য।’
মঙ্গলবার সন্ধ্যায় জেসুস বাড়ি ফেরার পর সাংবাদিকদের একটি দল তার কাছে যায়। পর্তুগাল কোচ বলেন, রোনালদোর ওই বক্তব্য এখনও তিনি পড়েননি।
রোনালদোর এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জেসুস বললেন, ‘আমি পর্তুগালের অনূর্ধ্ব-২১ দলের ম্যাচে ছিলাম। আমার এটা পড়ার সময় হয়নি।’
এফএইচএম