Deleted
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় চিড়িয়াখানায় ১৩ বছর ধরে একা গণ্ডার, সঙ্গীহীন আরও ৯ প্রাণী

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আফ্রিকান গণ্ডারটি ১৩ বছর ধরে সঙ্গীহীন জীবন কাটাচ্ছে। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা থেকে এক জোড়া আফ্রিকান গণ্ডার আনা হয়েছিল। ২০১৩ সালের ১৫ মে পুরুষ গণ্ডারটি মারা গেলে এই মাদি গণ্ডারটি একা হয়ে পড়ে। বর্তমানে বাংলাদেশে এটিই একমাত্র গণ্ডার।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, আফ্রিকান গণ্ডার সাইটিসের অ্যাপেনডিক্স-১ তালিকাভুক্ত বিপন্ন প্রাণী। এ কারণে নতুন গণ্ডার আমদানি করা কঠিন। গণ্ডারটির মৃত্যু হলে দেশে আর কোনো গণ্ডার থাকবে না। সবুজ ঘাস, শাকসবজি ও ফলমূল এর প্রিয় খাবার। চিড়িয়াখানায় তাকে সবুজ ঘাস ও মিশ্র দানাদার খাবার দেওয়া হয়। স্ত্রী গণ্ডার সাধারণত ছয় থেকে সাত বছর বয়সে প্রজননক্ষম হয়, গর্ভকাল ১৬ থেকে ১৮ মাস এবং আয়ু ৩৫ থেকে ৪০ বছর।

শুধু গণ্ডার নয়, জাতীয় চিড়িয়াখানায় আরও নয়টি প্রাণী সঙ্গীহীন জীবন কাটাচ্ছে। এদের মধ্যে কেশোয়ারি পাখি, ক্যাঙ্গারু, ইন্ডিয়ান সারস ক্রেন, হামাদ্রিয়াস বেবুন, উল্লুক, কুলু বানর, আফ্রিকান সাদা সিংহ, চিত্রা হায়েনা ও ডোরাকাটা হায়েনা রয়েছে। কোনোটি প্রায় ১৭ বছর, আবার কোনোটি এক বছরের কিছু বেশি সময় ধরে একা।

সবচেয়ে দীর্ঘ সময় ধরে একা আছে একটি কেশোয়ারি পাখি। ২০০৯ সালের ২২ আগস্ট থেকে পাখিটি সঙ্গীহীন। প্রায় ১৭ বছর ধরে নিঃসঙ্গ জীবন কাটছে তার। অস্ট্রেলিয়া ও নিউগিনির এই পাখির উচ্চতা এক মিটার পর্যন্ত হতে পারে, ওজন ৪০ থেকে ৫০ কেজি। আত্মরক্ষায় শক্ত মুকুট ও পা ব্যবহার করে। আবদ্ধ অবস্থায় এরা সাধারণত ১৮ থেকে ২০ বছর বাঁচে।

নিঃসঙ্গ প্রাণীদের তালিকায় দ্বিতীয় দীর্ঘ সময় ধরে একা আফ্রিকান গণ্ডারটি। ২০১৩ সালের ১৫ মে থেকে তার কোনো সঙ্গী নেই। আফ্রিকায় বসবাসকারী এই গণ্ডারের ওজন ১,৬০০ থেকে ২,৪০০ কেজি পর্যন্ত হতে পারে। মাথায় সাধারণত দুটি শিং থাকে, তবে এই গণ্ডারটির মাথায় একটি শিং; অন্যটি কাটা বা ভাঙা।

চিত্রা হায়েনাটি ২০১৩ সালের ২৭ সেপ্টেম্বর থেকে সঙ্গীহীন। নিঃসঙ্গতার সময় বিবেচনায় তালিকায় তার অবস্থান তৃতীয়। দক্ষিণ আফ্রিকায় চিত্রা হায়েনা পাওয়া যায়; বন্য গরু, ওয়াইল্ড বিস্ট ও জেব্রা শিকার করে খায়। চিড়িয়াখানায় তাকে গরুর মাংস দেওয়া হয়। অন্যদিকে ডোরাকাটা হায়েনার শরীরে খাড়া বা তির্যক ডোরাকাটা দাগ থাকে। সেনেগাল, তানজানিয়া, কেনিয়াসহ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এদের দেখা যায়। এটিও সঙ্গীহীন।

হামাদ্রিয়াস বেবুনটি ২০২২ সালের ৫ জানুয়ারি থেকে একা। আফ্রিকার ইথিওপিয়া ও দক্ষিণ-পশ্চিম আরবের দেশগুলোয় এদের দেখা যায়। বানর প্রজাতির হলেও এর মুখমণ্ডল কুকুরের মতো লম্বা। আবদ্ধ অবস্থায় ২০ বছর পর্যন্ত বাঁচতে পারে।

‘দীপ’ নামের আফ্রিকান সাদা সিংহটি ২০২২ সালের ২৫ জানুয়ারি থেকে সঙ্গীহীন। দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, সার্বিয়া ও অস্ট্রেলিয়ায় এদের বিস্তার রয়েছে। চিড়িয়াখানায় সিংহটিকে গরুর মাংস দেওয়া হয়। আবদ্ধ অবস্থায় এরা সাধারণত ১৫ থেকে ২০ বছর বাঁচে। এ ছাড়া একটি উল্লুক ২০২২ সালের ৬ ডিসেম্বর থেকে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে। উল্লুক সাধারণত গাছে থাকে ও ছোট দলে বসবাস করে।

ক্যাঙ্গারুটি ২০২৩ সালের ৩০ আগস্ট থেকে সঙ্গীহীন। অস্ট্রেলিয়া ও নিউগিনিতে এদের আদি আবাস। সামনের পা ছোট, পেছনের পা লম্বা ও শক্তিশালী। শক্তিশালী লেজের ওপর ভর করে লাফিয়ে চলে। ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে। আবদ্ধ অবস্থায় ২৫ বছর পর্যন্ত বাঁচতে পারে।

কুলু বানরটি ২০২৫ সালের ১ মার্চ থেকে একা। বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে এই প্রজাতির বানর দেখা যায়। থাইল্যান্ড ও সিঙ্গাপুরেও রয়েছে এরা। প্রকৃতিতে দলবদ্ধভাবে বসবাস করে। এদের আয়ুষ্কাল ১৫ থেকে ২০ বছর।

ইন্ডিয়ান সারস ক্রেনটি সঙ্গীহীন হয়েছে ২০২৫ সালের ১৩ মার্চ। লম্বা গলা ও ঠোঁটের এই বৃহদাকার পাখি ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। আবদ্ধ অবস্থায় ৩৫ থেকে ৪০ বছর পর্যন্ত বাঁচতে পারে।

চিড়িয়াখানায় দুটি আফ্রিকান সিংহ আছে—মুক্তা ও ডেইজি, দুটিই স্ত্রী। মুক্তা ২০১৯ সাল থেকে এবং ডেইজি ২০২৩ সাল থেকে পুরুষ সঙ্গীহীন। এছাড়া দুটি হনুমান লেঙ্গুর রয়েছে, তবে দুটিই পুরুষ। তিনটি লোনাপানির কুমিরও পুরুষ। মিঠাপানির কুমির রয়েছে দুটি, সেগুলোও পুরুষ। ফলে এসব প্রাণীর প্রজননের সুযোগ নেই।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক মো. শাহিনুর আলম প্রথম আলোকে বলেন, ২০২৫-২৬ থেকে ২০২৯-৩০ অর্থবছর পর্যন্ত প্রাণী কেনার একটি তালিকা সরকার অনুমোদন দিয়েছে। সেখানে নিঃসঙ্গ প্রাণীদের জন্য সঙ্গী আনার বিষয়টিও রয়েছে। চলতি অর্থবছরে সিংহ, হায়েনা ও উল্লুক কেনার পরিকল্পনা আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, কোনো প্রাণীর জন্যই একাকিত্ব কাম্য নয়। একাকিত্ব দূর করার পরিকল্পনা ছাড়া প্রাণী আনা তিনি সমর্থন করেন না। জাতীয় চিড়িয়াখানায় নিঃসঙ্গ থাকা প্রাণীগুলো সামাজিক ও দলবদ্ধভাবে বসবাস করে। সঙ্গী থাকলে প্রাণীদের উত্তেজনা প্রশমিত হয়, জীবনযাপনও ভালো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

1

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত বাংলাদেশির অবস্থা আশঙ্কা

2

ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয়

3

মিয়ানমারে প্রতারণা কেন্দ্র পরিচালনার দায়ে চীনে তিনজনের মৃত্য

4

দেশ ও দেশের বাইরে গুপ্ত গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

5

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

6

দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সাবেক সেনাদের প্ল্যাটফর্ম: দেবাশীষ-

7

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

8

মার্কিন জনগণের বড় অংশ: ট্রাম্প নিজের অর্থনৈতিক স্বার্থকে সর্

9

শখ থেকে পেশা: শখের কাজেই ক্যারিয়ার গড়ার নতুন ধারা

10

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

11

স্বর্ণ ও রুপার দাম কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০

12

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

13

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ

14

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': নোবেল শান্তি প

15

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

16

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

17

লিপ সেকেন্ড বিলোপের সিদ্ধান্ত নিতে বিশ্বের সময়রক্ষকদের বৈঠক

18

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসন খাতের প্রধান চ্যালেঞ্জ: র্

19

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

20