বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান এবার অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছেন। সব ঠিক থাকলে তিনি মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে নামবেন। এর আগে রিশাদ হোসেনও বিগ ব্যাশে দল পেয়েছেন।
বিগ ব্যাশে খেলার জন্য মোস্তাফিজ ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন। বিসিবি সবুজ সংকেত দিলে আসন্ন বিগ ব্যাশের পুরো মৌসুমেই মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে দেখা যাবে এই বাঁহাতি পেসারকে।
জানা গেছে, অনাপত্তিপত্র পাওয়ার সম্ভাবনা থাকায় বিসিবির নতুন ঘরোয়া টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি (ডি থ্রি)-এর টি-টোয়েন্টি সংস্করণে খেলা হবে না মোস্তাফিজের।
রিশাদ হোসেন আগের আসরের মতো এবারও হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন। ফলে এবারের বিগ ব্যাশে দুজন বাংলাদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন। এ কারণে ১৫ ডিসেম্বর শুরু হতে যাওয়া ডি থ্রি টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে খেলবেন না মোস্তাফিজ ও রিশাদ।