Deleted
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

শহীদ সাফওয়ানের বোনের চিঠি: আরেকবার যদি তোমাকে জড়িয়ে ধরতে পারতাম

গতকাল শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রকাশিত একটি চিঠিতে জুলাই শহীদ সাফওয়ান আখতার সদ্যর ছোট বোন তার ভাইয়ের স্মৃতিচারণ করেছেন। চিঠিতে তিনি লিখেছেন, রাত প্রায় ৯টা। আম্মু এশার নামাজ পড়ে পাশের বাসার আন্টিদের সঙ্গে রান্না করতে গিয়েছিল। এমন সময় নিচে মোটরসাইকেলের শব্দ শুনে বুঝলাম, আব্বু এসেছে। আমি আর আমার ছোট ভাই সাহাল দৌড়ে নিচে গেলাম।

তারপর দ্রুত বাসায় উঠে গেল আব্বু। আমি দেখলাম, আব্বু আমার রুমে গিয়ে কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম, ‘কী হয়েছে আব্বু? তুমি কাঁদছ কেন?’ আব্বু কাঁদতে কাঁদতে বলল, ‘তোমার সদ্য ভাইয়া পুলিশের গুলিতে মারা গেছে।’ আমি প্রথমে কথাটা বিশ্বাসই করতে পারছিলাম না। মনে হচ্ছিল, এটা কীভাবে সম্ভব? সদ্য ভাইয়া কীভাবে মারা যাবে?

সদ্য ভাইয়া ছিল আমার ছোট ফুপির একমাত্র ছেলে। সে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে পড়ত। খুব মেধাবী ছিল আমার সদ্য ভাইয়া। আমাদের পরিবারের সবাই তাকে অনেক ভালোবাসত। আমিও তাকে অনেক ভালোবাসতাম।

সদ্য ভাইয়ার খবর শুনে আম্মু আর পাশের বাসার আন্টিরা দৌড়ে এল। আম্মু বাসায় ঢুকেই হাউমাউ করে কাঁদতে শুরু করল। আব্বু তখন বাড়িতে যাওয়ার জন্য গাড়ি খুঁজছিল। কিন্তু কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না। দেশের পরিস্থিতি খারাপ থাকায় কেউ যেতে রাজি হচ্ছিল না।

অবশেষে ফজরের আজানের পর আমরা রওনা হলাম। যাওয়ার সময় রাস্তার পাশে অনেক আগুনে পোড়া গাড়ি দেখেছিলাম। চারদিকে কেমন ভয় ভয় লাগছিল। কিন্তু আমার মাথায় তখন শুধু সদ্য ভাইয়ার কথাই বারবার মনে হচ্ছিল—সদ্য ভাইয়া কি সত্যিই আর নেই?

বাড়িতে পৌঁছানোর পর সদ্য ভাইয়ার রক্তে ভেজা মুখটা যখন দেখলাম, তখন আর কান্না থামাতে পারলাম না। আমিও হাউমাউ করে কাঁদতে লাগলাম। পুরো বাড়িতে শুধু কান্নার শব্দ। অনেক মানুষ আমাদের বাড়িতে এসেছিল। পুরো এলাকার মানুষ। আমার ফুপি আর আঙ্কেলের কান্না দেখে আমার আরও বেশি কষ্ট হচ্ছিল। সদ্য ভাইয়া যে তাঁদের একমাত্র ছেলে!

সদ্য ভাইয়াকে যখন দাফন করার জন্য নিয়ে যাচ্ছিল, তখন আমার মনে হচ্ছিল, তার বুকে যে গুলিটা লেগেছে, সেই গুলিটা যেন আমার বুকেও লেগেছে। সদ্য ভাইয়াকে নিয়ে লিখতে গেলে আমার খাতা শেষ হয়ে যাবে, কিন্তু আমার লেখা শেষ হবে না। তাকে নিয়ে আমার কত কথা, কত স্মৃতি! আমাদের পরিবারের সবাই তাকে খুব ভালোবাসত, খুব আদর করত।

আজ দুই বছর হয়ে গেল, তোমার সঙ্গে দেখা হয় না সদ্য ভাইয়া। তোমার সঙ্গে দুষ্টুমি করা হয় না। তোমাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরা হয় না। আগের মতো যদি আর একবার তোমাকে দেখতে পেতাম! আর একবার যদি দৌড়ে গিয়ে তোমাকে জড়িয়ে ধরতে পারতাম!

সদ্য ভাইয়া, তুমি কি আমাদের কথা মনে রেখেছ? আমরা কিন্তু তোমাকে ভুলিনি। আমি তোমাকে অনেক মনে করি। তোমার জন্য আমার বুকভরা দোয়া। মহান আল্লাহ যেন তোমাকে জান্নাতবাসী করেন। পরকালে ভালো থেকো, সদ্য ভাইয়া।

লেখক: জুলাই শহীদ সাফওয়ান আখতার সদ্য এর ছোট বোন ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

1

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

2

ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম বাছাই: নিজের পেশাগত যাত্রার সঙ্গে

3

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

4

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

5

মাস্কের ডোজের নথি চেয়ে মামলা, শুনবে মার্কিন সুপ্রিম কোর্ট

6

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

7

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

8

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

9

প্রযুক্তি ও গবেষণা সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: শ

10

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ

11

সারজিস আলমের নামে ব্যঙ্গাত্মক ফটোকার্ড সত্য বলে প্রচার বিজেপ

12

লিপ সেকেন্ড বিলোপের সিদ্ধান্ত নিতে বিশ্বের সময়রক্ষকদের বৈঠক

13

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ও সেনাবাহি

14

১.৩ বিলিয়ন ডলারে বিক্রি হলো ডেটিং অ্যাপ বাম্বল

15

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ইলন মাস্কের ৩৬৬ মিলি

16

দিল্লিতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সিজেপির শৌরভ দাস ও আশুতোষ

17

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

18

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

19

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

20