চীন ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের বিলম্বিত একটি সেতু অবশেষে উদ্বোধন করা হয়েছে। এই সেতুটি দুই প্রতিবেশী দেশের মধ্যে গভীরতর সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। পিয়ংইয়ং তার অর্থনৈতিক বিচ্ছিন্নতা কমাতে বেইজিং ও মস্কোর সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার নতুন ইয়ালু নদী সেতুর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সেতুটি চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর দানদং এবং উত্তর কোরিয়ার সীমান্ত শহর সিনুইজুকে সংযুক্ত করেছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের ভিডিওতে দেখা যায়, উভয় দেশের জাতীয় পতাকায় সজ্জিত ট্রাকগুলো চার লেনের সেতুতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সেতুটিতেও চীনা ও উত্তর কোরিয়ার পতাকা শোভা পাচ্ছে।
সিনহুয়ার প্রতিবেদন অনুসারে, এক ভিডিও বার্তায় চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এই সেতুকে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বের নতুন মাইলফলক বলে অভিহিত করেছেন। তিনি উভয় পক্ষকে এই উদ্বোধনকে কাজে লাগিয়ে সংযোগ গভীরতর করতে এবং সীমান্ত এলাকায় নতুন সহযোগিতা অন্বেষণ করার আহ্বান জানিয়েছেন। উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী পাক থাই সংও একটি ভিডিও বার্তা দিয়েছেন।
তিন কিলোমিটার দীর্ঘ এই সড়ক সেতুটি জীর্ণ চীন-কোরিয়া মৈত্রী সেতুর ওপর চাপ কমাবে বলে আশা করা হচ্ছে। একই পথে অবস্থিত এই পুরনো সেতুটি রেললাইন ও যানবাহন বহন করে, তবে এটি একবারে শুধুমাত্র একমুখী ট্রাফিক পরিচালনা করতে পারে।
চীনা তথ্য অনুযায়ী, বর্তমানে দুই দেশের মধ্যে সরকারি বাণিজ্যের ৭০ শতাংশের বেশি এই ক্রসিং দিয়ে হয়। দক্ষিণ কোরিয়ার সরকার ১,৪০০ কিলোমিটার দীর্ঘ উত্তর কোরিয়া-চীন সীমান্তে কমপক্ষে ১৭টি সক্রিয় সড়ক ও রেল সংযোগ চিহ্নিত করেছে।