
জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে রোগব্যাধি বাড়ছে এবং এতে জরায়ু ক্যান্সারসহ নানা রোগে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন নারীরা। এ কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকি, কতটা প্রস্তুত উপকূলের স্বাস্থ্যব্যবস্থা' শীর্ষক জাতীয় প্রচার কর্মশালায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, উপকূলে অ্যাম্বুলেন্স ও সুপেয় পানির ব্যবস্থা করা গেলে মানুষ উপকৃত হবে। সেখানে নলকূপ বসিয়েও লাভ হয় না। ফলে বৃষ্টির পানি সংরক্ষণ করা গেলে পানির চাহিদা মেটানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, কাজ করার ক্ষেত্রে এনজিওগুলোর মধ্যে সমন্বয় থাকা জরুরি। তাহলে মানুষের প্রকৃত চাহিদা পূরণ করা সম্ভব হবে। মানুষের সেবায় কাজ করলে দেশ-মানুষ সবাই ভাল থাকবে বলেও জানান ফরিদুল ইসলাম।
সম্মেলনে গবেষণালব্ধ প্রমাণ তুলে ধরা, নীতিনির্ধারণকে শক্তিশালী করা এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু-সহনশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার বিষয়গুলো তুলে ধরা হয়।