
আবুধাবি টেস্টে আফগানিস্তানের সামনে ৪৭৯ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৭২ রান করে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক। দলের হয়ে সেঞ্চুরি করেছেন লিটন দাস।
সোমবার (১২ অক্টোবর) শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আগের দিনের ৬ উইকেটে ২২৩ রান থেকে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এদিন বড় লিড এনে দেওয়ার পথে বড় জুটি গড়েন লিটন-মিরাজ। সপ্তম উইকেট জুটিতে এই দুই ব্যাটার মিলে তোলেন ১৪৯ রান।
১১৫ বলে সেঞ্চুরি পূরণ করেন লিটন। এরপর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ১০২ রানে সাজঘরের পথ ধরেন। ১১৭ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১৪টি চারে সাজানো।
অর্ধশতকের দেখা পেয়েছেন মিরাজও। তিনি অপরাজিত থাকেন ৯৭ বলে ৫২ রানে। ৭ উইকেটে ৩৭২ রান করার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে স্বাগতিক আফগানিস্তান।
এর আগে, বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রান করে। তারপর হাসান মাহমুদ ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে ২৪০ রানে অলআউট করে টাইগাররা।