
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যে এক বাড়িতে বন্দুকধারীর গুলিতে দুই শিশু ও এক গর্ভবতী নারীসহ আটজন নিহত হয়েছেন। এরপর ওই বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার বিকেলে এরি শহরের একটি রাস্তায় সশস্ত্র ব্যক্তির গুলি ছোড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে তারা বাড়ির বাইরে দুই নারীর মৃতদেহ দেখতে পান। বাড়ির ভেতরে বন্দুকধারীসহ বাকি ভিকটিমদের মৃতদেহ পাওয়া যায়। এরি পুলিশ প্রধান রিক লোরাহ জানান, নিহতদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই আত্মীয়। প্রাথমিকভাবে হত্যার উদ্দেশ্য জানা যায়নি, তবে তিনি বলেন, 'এখানে মানসিক স্বাস্থ্য একটি ভূমিকা রাখছে।'
শনিবার এক সংবাদ সম্মেলনে লোরাহ জানান, তদন্তকারীরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছেন যেখানে বাড়ির বাইরে নিহত দুই নারী (৫১ ও ৩৭ বছর বয়সী) এসে প্রতিবেশীদের সাহায্য নেওয়ার চেষ্টা করতে দেখা যায়। তাদের একজন পরিবারের সাথে বিবাহসূত্রে সম্পর্কিত এবং অন্যজন পারিবারিক বন্ধু ছিলেন। ফুটেজে চাপা গুলির শব্দ শোনা যায়, এরপর বন্দুকধারী বেরিয়ে এসে দুই নারীকে গুলি করেন।
পরে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে ভেতরে কোনো শব্দ না পেয়ে বাড়িতে প্রবেশ করেন। ভেতরে প্রথম তলায় দুই শিশুর (৫ ও ১ বছর) মৃতদেহ পাওয়া যায়। দ্বিতীয় তলায় ও সিঁড়িতে অন্য ভিকটিমদের মৃতদেহ পাওয়া যায়: দুই নারী (২৪ ও ৪৪ বছর) এবং দুই পুরুষ (১৯ ও ২১ বছর)। বন্দুকধারীর মৃতদেহও সেখানেই পাওয়া যায়। লোরাহ জানান, নিহতদের একজন আট মাসের গর্ভবতী ছিলেন।
লোরাহ বলেন, 'কিছু দৃশ্য আপনি ছেড়ে আসার পরও দীর্ঘদিন মনে থাকে। এটি তেমনই একটি দৃশ্য।' পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো বলেছেন, 'গতরাতে এরিতে ভয়াবহ গণগুলিতে আমাদের নয়জন সহ নাগরিক নিহত হওয়ার পর আমি আমার প্রশাসনের পূর্ণ সমর্থন প্রস্তাব করেছি।' তিনি বলেন, 'এই পরিবারের জন্য আমার হৃদয় ভেঙে গেছে।' তিনি ও তার স্ত্রী 'নিহতদের প্রিয়জন এবং সমগ্র এরি সম্প্রদায়ের জন্য প্রার্থনা করছেন'।