
পোপ লিও চতুর্দশ ঘোষণা করেছেন, ফুসফুসে নডিউল পাওয়া যাওয়ায় আগামী কয়েক দিনের মধ্যে তাঁর অস্ত্রোপচার করা হবে। রোমের সেন্ট পিটার্স স্কোয়ারে সাপ্তাহিক রবিবারের প্রার্থনার সময় তিনি এই কথা জানান।
৭১ বছর বয়সী পোপ বলেন, চিকিৎসা পরীক্ষার সময় ডাক্তাররা তাঁর ফুসফুসে একটি প্রাথমিক, সুনির্দিষ্ট নডিউল খুঁজে পেয়েছেন। তিনি জানান, চিকিৎসক দল মনে করছে অস্ত্রোপচার করাই যথাযথ হবে এবং তিনি সেই প্রস্তাবে সম্মত হয়েছেন। তীর্থযাত্রীদের উদ্দেশে তিনি আশ্বস্ত করেন যে নডিউলটি সীমাবদ্ধ এবং প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছে।
পোপের এই অস্ত্রোপচারের ঘোষণা এমন সময়ে এল যখন তিনি প্রয়াত পোপ ফ্রান্সিসের স্থলাভিষিক্ত হয়েছেন প্রায় দেড় বছর। প্রয়াত পোপ ফ্রান্সিসও ফুসফুসের সমস্যায় হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।
অ্যাঞ্জেলাস প্রার্থনা শেষে পোপ সকলের আধ্যাত্মিক নৈকট্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে প্রার্থনা চান।
হলি সি প্রেস অফিসের মুখপাত্র মাত্তেও ব্রুনি গণমাধ্যমকে জানান, আগামী সপ্তাহের প্রথম দিকেই অস্ত্রোপচার করার কথা রয়েছে। তিনি আরও বলেন, পোপের সুস্থ হতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে। ভ্যাটিকান নিউজ জানিয়েছে, রোমের জেমেলি হাসপাতালে এই অস্ত্রোপচার হবে।
১৯৮১ সালের মে মাসে পোপ জন পল দ্বিতীয়ের উপর ব্যর্থ হত্যাচেষ্টার পর হাসপাতালটিতে একটি বিশেষ পাপাল স্যুট স্থাপন করা হয়েছিল, যা আজও ব্যবহৃত হচ্ছে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পোপের প্রতি ‘ব্যক্তিগত সংহতি’ প্রকাশ করেছেন এবং আসন্ন দিনগুলিতে তাঁর ‘কঠিন পরীক্ষার’ জন্য সমর্থন জানিয়েছেন। ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লাও তাঁর ‘শান্তিপূর্ণ সুস্থতা এবং দ্রুত ও পূর্ণ সুস্থ হয়ে ওঠার’ জন্য আন্তরিক শুভকামনা জানিয়েছেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগও পোপের ‘পূর্ণ ও দ্রুত সুস্থতা’ কামনা করেছেন।
পোপ লিও চতুর্দশ, যার জন্মনাম রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট, সেন্ট পিটার্সের সিংহাসনের ২৬৭তম অধিষ্ঠিত এবং প্রথম মার্কিন নাগরিক যিনি এই পদে আসীন। তিনি ১৯৮২ সালে ধর্মযাজক হিসেবে অভিষিক্ত হন এবং দীর্ঘ বছর পেরুতে মিশনারি হিসেবে কাজ করেছেন, যেখানে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে কাজ করা ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয়।
রবিবারের প্রার্থনার সময় পোপ নিশ্চিত করেছেন যে, নভেম্বরে উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরু সফর পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। মন্টেভিডিওর আর্চবিশপ ড্যানিয়েল স্টুরলা বলেন, পোপের সফরের প্রস্তুতি ‘আরও বেশি উৎসাহের সঙ্গে’ চলবে এবং তিনি পোপের সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানান।
ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) অনুসারে, ফুসফুসের নডিউল হলো টিস্যুর একটি ছোট পিণ্ড, যা সাধারণত বুকের এক্স-রে বা সিটি স্ক্যানের মাধ্যমে ধরা পড়ে। বেশিরভাগ নডিউল অন্য কোনো উপসর্গ সৃষ্টি করে না।