
আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং অসংখ্য গুনাহ মাফের অন্যতম মাধ্যম হলো ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম’ দোয়াটি। এই দোয়াটি পাঠের মাধ্যমে মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা ও তাঁর প্রশংসা করা হয়। ইসলামী পরিভাষায় এটিকে একটি অন্যতম শ্রেষ্ঠ জিকির হিসেবে বিবেচনা করা হয়।
দোয়াটির উচ্চারণ হলো— সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। এর অর্থ হলো, মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী।
‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ এর তাৎপর্য হলো, আল্লাহর প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করা। প্রথমত, ‘সুবহানাল্লাহ’ বলার মাধ্যমে আল্লাহর পবিত্রতা ও তাঁর সব ধরনের ত্রুটি থেকে মুক্তির স্বীকৃতি দেওয়া হয়। দ্বিতীয়ত, ‘ওয়া বিহামদিহি’ বলার মাধ্যমে তাঁর প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করা হয়।
হাদিসে এই জিকিরের বিশেষ ফজিলত উল্লেখ করা হয়েছে। রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলবে, তার গুনাহ সমুদ্রের ফেনার চেয়েও বেশি হলেও তা মাফ করে দেওয়া হবে। (সহিহ বুখারি, হাদিস: ৬৪০৫)।
আরেকটি হাদিসে আছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’। (সহিহ মুসলিম, হাদিস: ২১৩৭)।
আরেক হাদিসে আছে, যে ব্যক্তি ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলে, তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয়। (জামে তিরমিজি, হাদিস: ৩৪৬৪)।
হাদিসে বর্ণিত আছে, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনবার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলবে, সে সব ধরনের বিপদ থেকে সুরক্ষিত থাকবে। (সুনানে তিরমিজি, হাদিস: ৩৩৮৮)।