
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাসে একটি মসজিদের কাছে গুলিবর্ষণের ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। পুলিশ এ তথ্য জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দপ্তর (এটিএফ) কলম্বাস শাখা প্রাথমিকভাবে জানায়, তাদের এজেন্টরা আলবার্ট অ্যাভিনিউয়ের ২২০০ ব্লকে একটি মসজিদে গুলিবর্ষণের খবরে সাড়া দিচ্ছে।
তবে স্থানীয় পুলিশ পরে জানায়, গুলিবর্ষণের ঘটনাটি মসজিদের কাছে ঘটলেও মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়নি। অ্যাসোসিয়েটেড প্রেসের বরাত দিয়ে সার্জেন্ট জেমস ফুকুয়া বলেন, "আমরা স্পষ্ট করতে চাই যে এটি মসজিদে হামলা ছিল না।"
তিনি জানান, মসজিদের সঙ্গে একই স্থানে অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট ভবনে বিবাদের জের ধরেই এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।