
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ও গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামের মাদক সেবনের একটি ভিডিও ভাইরালের পর তাকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে তীব্র সমালোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জহিরুল ইসলামকে পদ থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
জহিরুল ইসলাম গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপা জাঙ্গালিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। সম্প্রতি তার মাদক সেবনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি জেলা ছাত্রদলের নেতাদের দৃষ্টিগোচর হলে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে এই অব্যাহতি দেওয়া হলো। ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, জহিরুল ইসলামের মাদকসদৃশ বস্তু সেবনের একটি ভিডিও ক্লিপ আমাদের হাতে এসেছে। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তাকে ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।