
ঘরে বসেই তৈরি করা যায় মজাদার নারকেলের সন্দেশ। আখের গুড় বা চিনি দিয়ে সহজেই বানানো যায় এই সুস্বাদু মিষ্টি। পূজা বা যেকোনো উৎসবে পরিবারের জন্য বানিয়ে ফেলতে পারেন নারকেলের সন্দেশ।
প্রয়োজনীয় উপকরণ: নারকেল কোরা ২ কাপ, আখের গুড় এক কাপের চার ভাগের তিন ভাগ অথবা চিনি এক কাপের চার ভাগের তিন ভাগ, এলাচগুঁড়া সিকি চা-চামচ।
প্রথমে একটি কড়াইয়ে নারকেল কোরা ও গুড় বা চিনি (যদি চিনির সন্দেশ বানান) দিয়ে ভালোভাবে নেড়ে নিন। মিশ্রণটি জ্বাল দিতে দিতে পাক তৈরি করুন। পাক হয়ে এলে এতে এলাচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
এরপর মিশ্রণটি পাটায় সুন্দরভাবে বেটে নিতে হবে। সবশেষে বিভিন্ন ডিজাইনের ছাঁচের সাহায্যে সন্দেশ তৈরি করে নিন।